কুর‌আন তেলাওয়াতের সময় বার বার অজু ভেঙ্গে গেলে করণীয়

জিজ্ঞাসা–১৯৪৮ :  কুর‌আন তেলাওয়াত এর সময় বার বার অজু ভেঙ্গে গেলে করণীয় কী?—রাইসা হাসান।

‎‎জবাব :

এক. কুরআন তেলাওয়াতরত অবস্থায় অজু ভেঙে গেলে, পবিত্র কুরআন সরাসরি স্পর্শ না করে মুখস্থ (হিফজ) থেকে অথবা মোবাইল, ট্যাব ইত্যাদি ডিভাইসের স্ক্রিন দেখে তেলাওয়াত করা জায়েজ। কারণ মোবাইল বা স্ক্রিনে যে লেখা দেখা যায়, তা মুসহাফের স্থায়ী হুকুমের অন্তর্ভুক্ত নয়। তবে ছাপানো কুরআন মাজিদ (মুসহাফ) হাত দিয়ে স্পর্শ করতে হলে অজু থাকা আবশ্যক। অজু ছাড়া মুসহাফ স্পর্শ করা জায়েজ নয়।

 রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لا يَمَسُّ القُرآنَ إلَّا طاهِرٌ

পবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না। [সহিহ আল জামি’ : ৭৭৮০]

দুই. আর যদি কারো বায়ু নির্গমন, প্রস্রাবের ফোঁটা বা অনুরূপ সমস্যা এমনভাবে চলতে থাকে যে পুরো এক ওয়াক্ত নামাজের মধ্যে অজু করে ফরজ নামাজ আদায়ের মতোও সময় পাওয়া যায় না, তাহলে শরিয়তে তাকে ‘মাযূর’ (বিশেষ ছাড়প্রাপ্ত) বলা হয়।

এ অবস্থায় বিধান হলো—

  • প্রত্যেক নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর একবার ভালোভাবে অজু করবে।
  • এরপর ওই নির্দিষ্ট সমস্যার কারণে (যেমন বারবার বায়ু বের হওয়া) তার অজু ভাঙবে না।
  • সেই এক অজু দ্বারা পুরো ওয়াক্তজুড়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ আদায় করতে পারবে।
  • একই অজু দিয়ে মুসহাফ স্পর্শ করে কুরআন তেলাওয়াতও করতে পারবে।
  • তবে অন্য কোনো কারণে অজু ভেঙে গেলে (যেমন ঘুম, রক্ত বের হওয়া ইত্যাদি) অজু নষ্ট হবে।
  • আর ওয়াক্ত শেষ হয়ে নতুন ওয়াক্ত শুরু হলে আগের অজু শেষ হয়ে যাবে; তখন নতুন করে অজু করতে হবে।

এটি ইসলামের সহজীকরণের একটি দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বলেন,

يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। [সূরা আল-বাকারা : ১৮৫]

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন