রমযানে তারাবির পর বিতর পড়লে কি পরে তাহাজ্জুদ পড়া যাবে?

জিজ্ঞাসা–১৯৬৮ : রমযান মাসে বিতিরের নামাজ জামাতে পড়ার পর কি তাহাজ্জুদের নামায পড়া যাবে? নাকি বিতর না পড়ে মসজিদ থেকে চলে আসতে হবে?–আমিরুল হাসান।

জবাব : হ্যাঁ, রমযান মাসে তারাবির সঙ্গে জামাতে বিতর পড়ে নিলেও পরে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। এজন্য বিতর না পড়ে মসজিদ থেকে চলে আসার প্রয়োজন নেই।

لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ

এক রাতে দুইবার বিতর নেই। [সুনানে আবু দাউদ, ১৪৩৯; তিরমিযী, ৪৭০]

এ হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বলেন, যে ব্যক্তি রাতের প্রথম ভাগে বিতর পড়ে ফেলেছে, সে পরে তাহাজ্জুদ পড়তে পারবে; তবে দ্বিতীয়বার বিতর পড়বে না।

আব্দুল্লাহ ইবন উমর রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,

اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا

তোমরা রাতের শেষ নামাজকে বিতর বানাও। [সহীহ বুখারী, ৯৯৮; সহীহ মুসলিম, ৭৫১]

এ হাদিসটি উৎসাহমূলক। অর্থাৎ যার আশা আছে যে সে শেষ রাতে উঠতে পারবে, তার জন্য বিতর শেষ রাতে পড়া উত্তম। কিন্তু যদি জামাতে বিতর পড়ে ফেলে, তাহলেও পরে তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা নেই।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী