জিজ্ঞাসা–১৯৪২ : হালকায়ে জিকির কি জায়েয?—মোঃ মেরাজ হোসেন।
জবাব : হালকায়ে জিকির দ্বারা উদ্দেশ্য—কিছু মানুষ একত্র হয়ে আল্লাহ তাআলার জিকির করা। মূলত এটা জায়েজ ও সওয়াবের কাজ, যতক্ষণ তা শরিয়তসম্মত পদ্ধতিতে হয় এবং এর মধ্যে বিদআত, শরিয়তবিরোধী কাজ বা অতিরঞ্জন না থাকে।
রাসূল ﷺ বলেছেন,
مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ
কোনো সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের কোনো ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত ও তা অধ্যয়ন করলে তাদের উপর প্রশান্তি নাযিল হয়…। [সহিহ মুসলিম : ২৬৯৯]
আরেক হাদিসে এসেছে, রাসূল ﷺ বলেছেন,
إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ
আল্লাহর কিছু ফেরেশতা আছে, যারা পথে পথে জিকিরকারীদের মজলিস খুঁজতে থাকে। [সহিহ বুখারী : ৬৪০৮]
তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে—
- জিকির যেন সুন্নাহসম্মত হয়।
- নাচ, গান, বাদ্যযন্ত্র বা শরিয়তবিরোধী কর্মকাণ্ড না থাকে।
- নির্দিষ্ট ভঙ্গি, সংখ্যা বা পদ্ধতিকে শরিয়তে বাধ্যতামূলক মনে না করা হয়, যদি তার দলিল না থাকে।
- নারী-পুরুষের অবাধ মেলামেশা না হয়।
- চিৎকার, অস্বাভাবিক আচরণ বা লোক দেখানো থেকে বাঁচতে হবে।