কোন সাহাবি সর্বশেষ মৃত্যুবরণ করেন?

জিজ্ঞাসা–১৮৮৬ : রাসূলের কোন সাহাবি সর্বশেষ মৃত্যুবরণ করেন?–সাইদুল। 

জবাব : রাসূলুল্লাহ ﷺ–এর সাহাবিদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি হিসেবে প্রসিদ্ধ হলেন আবু তুফাইল রাযি. । তাঁর পূর্ণ নাম ছিল, আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা আল-লাইসী রাযি.।

তিনি রাসূলুল্লাহ ﷺ–কে শিশু অবস্থায় দেখেছিলেন এবং সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। অধিকাংশ ঐতিহাসিক ও মুহাদ্দিসের মতে, তিনি হিজরি ১০০ বা ১১০ সালের দিকে ইন্তেকাল করেন। [ফাতাওয়া আশ-শবাকাহ আল-ইসলামিয়া ১/৩৮৭৮]

সহিহ মুসলিমে এসেছে, তিনি বলেন,

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَطُوفُ بِالْبَيْتِ وَيَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ مَعَهُ وَيُقَبِّلُ الْمِحْجَنَ

আমি রাসূলুল্লাহ ﷺ-কে বায়তুল্লাহ তওয়াফ করতে, তার সাথের লাঠি দিয়ে রুকন স্পর্শ করতে এবং লাঠিতে চুম্বন করতে দেখেছি। [সহিহ মুসলিম ১২৭৫]

এছাড়া তিনি নবী ﷺ–কে উটে আরোহণ করতে, আবতাহের দিকে যেতে, জি‘রানা এলাকায় গোশত বণ্টন করতে, তাওয়াফ ও সাফা-মারওয়ার মাঝে সাঈ করতে দেখেছেন। [মারিফাতুস সাহাবাহ ২০৬৮]

কেউ একজন তাঁকে নবী করীম ﷺ-কে দেখার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। তখন তিনি নিজেই বলেছেন,

نَعَمْ، وَلَا أَعْلَمُ عَلَى ظَهْرِ الْأَرْضِ رَجُلًا حَيًّا رَأَى النَّبِيَّ غَيْرِي. قَالَ: وَكَانَ أَبْيَضَ، مَلِيحَ الْوَجْهِ

আমার জানা মতে, আজ পৃথিবীর বুকে আমি ছাড়া আর এমন কোনো জীবিত ব্যক্তি নেই, যে রাসূলুল্লাহ ﷺ–কে দেখেছে। এরপর তিনি বলেন, নবী ﷺ ছিলেন শ্বেতশুভ্র বর্ণের এবং অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। [আল-আদাবুল মুফরাদ ৭৯০]

والله أعلم بالصواب

উত্তর দিয়েছেন