জিজ্ঞাসা–১৯৫১ : কোনো রকম দলিল বা রেজিষ্ট্রেশন ছাড়া, শুধু পাত্র এবং পাত্রী যদি তিনবার কবুল বলে, তাহলে কি শরিয়ত অনুযায়ী তারা স্বামী-স্ত্রী হবে?—Fahmida
জবাব : ‘রেজিস্ট্রেশন’ রাষ্ট্রীয় ও আইনি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও শরিয়তে বিবাহ সহিহ কিংবা বাতিল হওয়ার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় নয়। বিবাহ সহিহ হওয়ার জন্য ইসলামে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। এগুলো পূরণ না হলে স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না।
বিবাহ সহিহ হওয়ার জন্য সাধারণভাবে যেসব বিষয় জরুরি—
- পাত্র-পাত্রীর পারস্পরিক সম্মতি,
- ইজাব-কবুল (বিয়ের প্রস্তাব ও গ্রহণ),
- দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম সাক্ষীর উপস্থিতি,
- সাক্ষীদের ইজাব-কবুল শোনা,
- এবং উভয়ের মাঝে বৈধভাবে বিবাহযোগ্য সম্পর্ক থাকা।
অতএব, শুধু গোপনে ‘তিনবার কবুল’ বলাকে শরিয়তসম্মত বিবাহ বলা যাবে না, যদি বিবাহের অন্যান্য শর্ত পূরণ না হয়। বিশেষত সাক্ষী ছাড়া গোপন সম্পর্ক ইসলামে বৈধ নয়।
রাসূল ﷺ বলেছেন,
الْبَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ
যেসব নারী সাক্ষী ছাড়া নিজেদেরকে বিয়ে দেয়, তারা যেনাকারিণী। [তিরমিযী : ১১০৩]
আরেক হাদিসে এসেছে,
لَا نِكَاحَ إِلَّا بِشَاهِدَيْ عَدْلٍ
দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া নিকাহ সহিহ নয়। [বাইহাকী : ১৩৮৪৩]
সুতরাং শরিয়তসম্মত বিবাহের জন্য শুধু ‘কবুল’ বলাই যথেষ্ট নয়; বরং ইসলামের নির্ধারিত শর্ত পূরণ হওয়া আবশ্যক।