জিজ্ঞাসা–১৯৫৮ : আসসালামু আলাইকুম। হুজুর, আমার কিছু টাকা ঢাকা বরিশাল রুটে বাসের ব্যবসায় খাটতেছে। জানতে চাচ্ছি যে, এই বাসের ব্যবসায় মূলধনের উপর যাকাত আসবে কি না?—মামুন হোসেন।
জবাব : وعليكم السلام ورحمة الله وبركاته
যদি আপনার টাকা এমন একটি বাসের ব্যবসায় বিনিয়োগ করা থাকে, যেখানে বাসগুলো যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয় এবং বিক্রির জন্য রাখা হয় না, তাহলে বাসের মূলধন বা বাসের মূল্যের ওপর যাকাত নেই।
তবে বাস থেকে যে লাভ বা আয় আসে, সেই টাকা যদি আপনার কাছে জমা থাকে এবং অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সঙ্গে মিলে নিসাব পরিমাণ হয়, তাহলে তার ওপর যাকাত দিতে হবে।
অর্থাৎ, বাসের মূল্যের ওপর যাকাত নেই। বাসের ব্যবসা থেকে প্রাপ্ত সঞ্চিত লাভের ওপর যাকাত আছে।
ফিকহের কিতাবে এসেছে,
وليس في دور السكنى، وثياب البدن، وأثاث المنازل، ودواب الركوب، وعبيد الخدمة، وسلاح الاستعمال زكاة
বসবাসের বাড়ি, পরিধেয় বস্ত্র, ঘরের আসবাবপত্র, আরোহণের বাহন, সেবক এবং ব্যবহারের অস্ত্রের ওপর কোনো যাকাত নেই। [আল-বিনায়া : ৩/৩০৩]
অতএব, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বাস যদি ভাড়ায় চালানো হয়, তাহলে বাসের মূলধনের ওপর যাকাত আসবে না; বরং ব্যবসা থেকে অর্জিত ও সঞ্চিত অর্থের হিসাব করে যাকাত দিতে হবে।