প্লাজু জিন্স পরিধান করা কি জায়েজ?

জিজ্ঞাসা–১৯৫৫ : প্লাজু জিন্স পরিধান করা কি জায়েজ? যা পরিধান করলে সতর ভেসে আসে না।–আয়শু।

‎‎জবাব : নারীর পোশাকের ক্ষেত্রে শরিয়তের কয়েকটি মৌলিক শর্ত রয়েছে

  • সতর সম্পূর্ণরূপে আবৃত হতে হবে।
  • পোশাক পিনপিনে বা পাতলা হওয়া যাবে না।
  • এত টাইট হওয়া যাবে না যে শরীরের আকৃতি বা অঙ্গপ্রত্যঙ্গের গঠন স্পষ্ট হয়ে যায়।
  • পুরুষদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না।
  • অমুসলিমদের বিশেষ ধর্মীয় বা স্বতন্ত্র পরিচয়ের পোশাক হওয়া যাবে না।

কেননা, আল্লাহ বলেছেন,

وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ

তারা যেন তাদের সজ্জা প্রকাশ না করে। [সূরা আন-নূর : ৩১]

অন্যত্র বলেছেন,

وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

আর মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। [সূরা আহযাব : ৩৩]

হাদিসে এসেছে,

لعن رسول الله  الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل

আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌  মহিলার পোশাক পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোশাক পরিধানকারী নারীকে লানত করেছেন। [আবু দাউদ : ৪০৯৮]

অতএব, যদি প্লাজু জিন্স যথেষ্ট ঢিলেঢালা হয়, নিতম্ব, উরু ও পায়ের গঠন স্পষ্ট না করে, উপরে এমন পোশাক (লম্বা কামিজ, আবায়া ইত্যাদি) থাকে যা পর্দার শর্ত পূরণ করে, তাহলে তা পরিধান করা জায়েজ হবে।

কিন্তু যদি জিন্সটি আঁটসাঁট হয় বা শরীরের গঠন প্রকাশ করে, তাহলে তা পর্দার উদ্দেশ্যের পরিপন্থী হবে, যদিও কাপড় মোটা হওয়ায় সতর সরাসরি দেখা না যায়। কারণ ফুকাহায়ে কেরাম কেবল সতর ঢাকাকেই যথেষ্ট মনে করেননি; বরং শরীরের আকৃতি প্রকাশ থেকেও বিরত থাকতে বলেছেন।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন