ভ্রমণ বা বাইরে অবস্থায় মহিলার নামাজের বিধান

জিজ্ঞাসা–১৮৯৫ : আসসালামু আলাইকুম। যদি কোনো মহিলার ক্ষেত্রে এমন হয় যে সে ঘর থেকে অনেক দূরে এবং ঘরে যেতে যেতে নামাজের ওয়াক্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি সে কোনো মসজিদে বা ইবাদতখানায় নামাজ পড়তে পারবে? যদি উক্ত মসজিদ বা ইবাদত খানায় পুরুষ থাকে কিংবা তা জনসমাগমপূর্ণ স্থানের পাশে হয় তাহলে কি পারবে?—নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব : وعليكم السلام ورحمة الله وبركاته

এক. ইসলামী শরীয়তে মহিলাদের জন্য ঘরে নামাজ আদায় করাই অধিক উত্তম ও ফযীলতপূর্ণ। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন

وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنّ

তাদের ঘরই তাদের জন্য উত্তম। [আবু দাউদ : ৫৬৭]

তবে প্রয়োজন দেখা দিলে মসজিদে নামাজ পড়া বৈধ। নবী ﷺ বলেছেন

لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ

তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। [সহীহ বুখারী : ৯০০]

সুতরাং যদি কোনো মহিলা এমন অবস্থায় থাকেন যে, তিনি ঘর থেকে অনেক দূরে আছেন এবং ঘরে পৌঁছাতে পৌঁছাতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য নিকটবর্তী কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করা জায়েয; বরং ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আগে নামাজ আদায় করা জরুরি। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ বা পর্দাসম্পন্ন কোনো নিরাপদ স্থান হলে সেখানে নামাজ পড়বেন।

দুই. যদি উক্ত মসজিদ বা ইবাদতখানায় পুরুষ উপস্থিত থাকে, অথবা স্থানটি জনসমাগমপূর্ণ এলাকার পাশে হয়, তাহলেও প্রয়োজনের কারণে নামাজ পড়া জায়েয হবে—তবে শর্ত হলো, এমনভাবে নামাজ আদায় করবে যাতে অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ বা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি না হয়।

সুতরাং, ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকলে কোনো মহিলা নিকটবর্তী মসজিদ বা ইবাদতখানায় নামাজ পড়তে পারবেন, যদিও সেখানে পুরুষ থাকে বা স্থানটি জনসমাগমপূর্ণ হয়; তবে যথাসম্ভব পর্দা ও নিরাপত্তা বজায় রাখতে হবে।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন