ছেলেদের স্টিচ পায়জামা এবং জিন্সের প্যান্ট পরার বিধান

জিজ্ঞাসা–১৯২৬ : ছেলেদের স্টিচ পায়জামা এবং জিন্সের প্যান্ট পরার বিধান কি? না জায়েজ হলে, যদি তা টাইট না হয় তাহলে কি জায়েজ হবে?—আব্দুস সবুর।

এক. পোশাকের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো—তা যেন সতর যথাযথভাবে আবৃত করে, শরীরের আকৃতি স্পষ্টভাবে প্রকাশ না করে এবং শালীনতা বজায় রাখে। তাই কোনো পোশাকের হুকুম শুধু তার নামের উপর নির্ভর করে না; বরং তার ধরন ও ব্যবহারের উপর নির্ভর করে।
এ দৃষ্টিকোণ থেকে ছেলেদের স্টিচ পায়জামা বা জিন্স প্যান্ট পরা নিজে নিজে হারাম নয়। তবে যদি তা এত আঁটসাঁট হয় যে শরীরের গঠন, বিশেষত সতরের আকৃতি স্পষ্টভাবে ফুটে ওঠে, তাহলে তা জায়েজ হবে না। কেননা, পোশাকের অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো সতরকে পরিপূর্ণভাবে আবৃত রাখা।
আল্লাহ তাআলা বলেন,
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا
হে বনী আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। [সূরা আ‘রাফ : ২৬]
আরব বিশ্বের স্থায়ী ফতোয়া কমিটিকে প্যান্ট পরিধান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাঁরা বলেন,
الأَصْلُ فِي الْمَلَابِسِ أَنَّهَا جَائِزَةٌ، إِلَّا مَا اسْتَثْنَاهُ الشَّرْعُ مُطْلَقًا؛ كَالذَّهَبِ لِلرِّجَالِ، وَكَالْحَرِيرِ لَهُمْ، وَلُبْسُ الْبَنْطَلُونِ لَيْسَ خَاصًّا بِالْكُفَّارِ، لَكِنْ لُبْسُ الضَّيِّقِ مِنْهُ الَّذِي يُحَدِّدُ أَعْضَاءَ الْجِسْمِ حَتَّى الْعَوْرَةِ لَا يَجُوزُ
পোশাকের ক্ষেত্রে মূলনীতি হলো বৈধতা। তবে শরিয়ত যেগুলোকে আলাদাভাবে নিষিদ্ধ করেছে—যেমন পুরুষদের জন্য সোনা ও রেশম—সেগুলো ব্যতীত। আর প্যান্ট পরিধান করা অমুসলিমদের নিজস্ব পোশাক নয়। তবে এমন আঁটসাঁট প্যান্ট, যা শরীরের অঙ্গগুলো, এমনকি সতরের আকৃতিও স্পষ্ট করে তোলে—তা জায়েজ নয়। [ফাতাওয়া আললাজনাতুদ দায়িমা : ৪২৫৭]
দুই. জিন্স প্যান্ট বা পায়জামা ঢিলেঢালা হলেও পুরুষদের জন্য তা পরিধানের ক্ষেত্রে আরেকটি অপরিহার্য শর্ত হলো—তা অবশ্যই পায়ের টাখনু বা গিরার ওপরে থাকতে হবে। প্যান্ট বা পায়জামা টাখনুর নিচে ঝুলিয়ে পরা শরিয়তে কঠোরভাবে নিষিদ্ধ ও কবিরা গুনাহ।
 রাসূলুল্লাহ ﷺ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ
লুঙ্গি বা কাপড়ের যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে। [সহীহ বুখারী : ৫৭৮৭]
সুতরাং আপনি বাজার থেকে প্যান্ট বা পায়জামা কেনার সময় স্ট্রেইট কাট বা লুজ ফিট সাইজ কিনবেন, যা পরলে আপনার উরু বা পেছনের অংশের আকৃতি ফুটে উঠবে না। একই সাথে দর্জিকে দিয়ে তা টাখনুর ওপরে কেটে বা ফোল্ড করে নেবেন। এতে আপনার আমল নিরাপদ থাকবে।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন