জিজ্ঞাসা–১৮৮৩ : আসসালামু আলাইকুম, আমার হাসবেন্ড রাগের জন্য “তোরে ১০০ তালাক দিলাম যাহ” বলে ফেলছেন, এখন এটা কি তালাক হয়ে গেছে? আর আমার এখন এ-ই সংসার করতে হলে কি করতে হবে?—জেসমিন আক্তার
জবাব : وعليكم السلام ورحمة الله وبركاته
এক. রাগের মাথায় তালাক দিলেও তালাক পতিত হয়ে যায়। একইভাবে হাসি-ঠাট্টা মধ্যেও তালাকের শব্দ উচ্চারণ করলে তা কার্যকর হয়। কেননা, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ
তিনটি বিষয় এমন, যেগুলোর সিরিয়াস কথাও সিরিয়াস, আর ঠাট্টাও সিরিয়াস—তালাক, নিকাহ ও রাজআত (স্ত্রীকে ফিরিয়ে নেওয়া)। [আবু দাউদ ২১৯৪]
দুই. কেউ যদি নিজের স্ত্রীকে বলে, ‘তোরে ১০০ তালাক দিলাম’ বা এজাতীয় কথা, তাহলে শরিয়তের দৃষ্টিতে এর দ্বারা তিন তালাকই পতিত হবে। বাকি সংখ্যাগুলো অহেতুক ও গুনাহের কাজ হিসেবে গণ্য হবে।
عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ: إِنِّي طَلَّقْتُ امْرَأَتِي مِائَةَ تَطْلِيقَةٍ، فَمَاذَا تَرَى عَلَيَّ؟ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: طُلِّقَتْ مِنْكَ بِثَلَاثٍ، وَسَبْعٌ وَتَسْعُونَ اتَّخَذْتَ بِهَا آيَاتِ اللَّهِ هُزُوًا
হযরত ইবন আব্বাস রাযি.-এর নিকট এক ব্যক্তি এসে বলল, ‘আমি আমার স্ত্রীকে একশ তালাক দিয়েছি।’ তিনি বললেন, ‘তোমার পক্ষ থেকে তিন তালাক কার্যকর হয়েছে। আর বাকি সাতানব্বই দ্বারা তুমি আল্লাহর আয়াত নিয়ে উপহাস করেছ।’ [মুয়াত্তা ইমাম মালিক ২০২১]
অতএব, যদি স্বামী স্পষ্টভাবে ‘১০০ তালাক’ বলে থাকে, তাহলে তিন তালাক পতিত হয়ে যাবে। এর ফলে স্ত্রী ‘তালাকে মুগাল্লাযা’ হয়ে যাবে; অর্থাৎ, সে স্বামীর জন্য হারাম হয়ে যাবে। এখন নতুন করে নিকাহ করলেও একসাথে থাকা বৈধ হবে না।
তিন. পুনরায় সংসার করতে চাইলে শরিয়তের বিধান অনুযায়ী—স্ত্রী অন্য কারো সাথে বাস্তব ও স্বাভাবিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবে, এরপর কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া যদি সেই স্বামী মৃত্যু বরণ করে বা স্বেচ্ছায় তালাক দেয় এবং ইদ্দত শেষ হয়, তখন পূর্বের স্বামীর সাথে পুনরায় নিকাহ বৈধ হতে পারে। [সূরা বাকারা ২৩০]