কাপড়ে পানি ছিটিয়ে বিসমিল্লাহ বললে কি নাপাকি দূর হয়?

জিজ্ঞাসা–১৯৪৩ : কিছু কিছু হুজুর বলে যে, নাপাকি হলে কাপড়ের কোনায় ৩ বার পানি বিসমিল্লাহ বলে ছিটাতে। এতে কি পবিত্র হওয়া সম্ভব? নাপাক যেই স্থান সেই স্থান বিসমিল্লাহ বলে ধুয়ে ফেললে পবিত্র হওয়া যায়, কিন্তু কাপড়ে পানি ছিটায়ে বিসমিল্লাহ বললে কি পবিত্র হয়া সম্ভব?—তাওহীদুল ইসলাম।

‎‎জবাব : না, শুধু কাপড়ের কোনায় তিনবার পানি ছিটিয়ে ‘বিসমিল্লাহ’ বললে নাপাক কাপড় পবিত্র হয়ে যায় না; বরং নাপাকি দূর করার জন্য নাপাকির স্থান ধৌত করা জরুরি। অর্থাৎ যেখানে নাপাকি লেগেছে, সেখানে পানি প্রবাহিত করে নাপাকির প্রভাব দূর করতে হবে।

যদি কাপড়ে প্রস্রাব, বীর্য, রক্ত বা অন্য কোনো নাপাকি লাগে, তাহলে—

  • নাপাকির স্থান ধুতে হবে,
  • এমনভাবে পানি দিতে হবে যাতে নাপাকির চিহ্ন (রং, গন্ধ, স্বাদ) দূর হয়ে যায়,
  • শুধু দূরে কোথাও পানি ছিটানো যথেষ্ট নয়।

আল্লাহ তাআলা বলেন,

وَثِيَابَكَ فَطَهِّرْ

তোমার পোশাক পবিত্র রাখো। [সূরা আল-মুদ্দাসসির : ৪]

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, 

إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ

তোমার জন্য এতটুকুই যথেষ্ট যেযেখানে বীর্য (নাপাকি) দেখবে সে জায়গাটুকু ধুয়ে ফেলবে। [সহিহ মুসলিম : ৪৬৭]

উল্লেখ্য, বিসমিল্লাহ বলা বরকত ও সওয়াবের কাজ, কিন্তু শুধু বিসমিল্লাহ বলার মাধ্যমে নাপাকি দূর হয় না। কারণ পবিত্রতার জন্য শরিয়তে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হয়।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন