জান্নাতে নবীজি ও মারইয়াম আ.-এর বিবাহ : বাস্তবতা কী?

জিজ্ঞাসা–১৯২৫ : আসসালামু আলাইকুম। নবিজীর সঙ্গে জান্নাতে মরিয়ম আ.-এর বিয়ে হবে, এবং ঈসা আ. নবিজীর পুত্র হবেন। এই ঘটনা কি সঠিক। আর সঠিক হলে এর কোনো রেফারেন্স আছে?—আব্দুল্লাহ আল মোস্তাকিম।

জবাব :  وعليكم السلام ورحمة الله وبركاته

এ বিষয়ে যে বর্ণনাটি সবচেয়ে বেশি আলোচিত, তা হলো—

إِنَّ اللَّهَ زَوَّجَنِي فِي الْجَنَّةِ مَرْيَمَ بِنْتَ عِمْرَانَ وَامْرَأَةَ فِرْعَوْنَ وَأُخْتَ مُوسَى

‘আল্লাহ জান্নাতে আমার সঙ্গে ইমরানের কন্যা মারইয়াম, ফিরআউনের স্ত্রী এবং মূসার বোনের বিবাহ দেবেন।’

এ ধরনের বর্ণনা আল-মুজামুল কাবীর, তারিখু দিমাশক ইত্যাদি কিতাবে এসেছে। কিন্তু মুহাদ্দিসগণ এর সনদকে দুর্বল বলেছেন।

আর ঈসা আ. নবীজির ছেলে হবেন—এ দাবির কোনো নির্ভরযোগ্য দলিল তো নেইই; এমনকি এর পক্ষে দূরতম গ্রহণযোগ্য রেফারেন্সও পাওয়া যায় না। সম্ভবত কেউ কেউ জান্নাতের বিবাহসংক্রান্ত দুর্বল বর্ণনাকে কেন্দ্র করে অতিরঞ্জিত ও ভিত্তিহীন কথা প্রচার করেছে।

আকিদা ও গায়েবি বিষয়ে মূলনীতি হলো—সহিহ দলিল ছাড়া কোনো কথা নিশ্চিতভাবে বলা যাবে না। বিশেষত দুর্বল ও ভিত্তিহীন বর্ণনা প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

আল্লাহ তাআলা বলেন,

قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ

বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত কর। [সূরা বাকারা : ১১১]

সুতরাং জান্নাতে মারইয়াম আ.-এর সাথে রাসূলুল্লাহ ﷺ-এর বিয়ের বিষয়টি কোনো সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর এর ওপর ভিত্তি করে ঈসা আ.-কে নবীজির পুত্র দাবি করাটা সম্পূর্ণ মনগড়া ও অবান্তর কথা। মুসলিম হিসেবে আমাদের এই ধরনের ভিত্তিহীন ও দুর্বল প্রচারণা থেকে সতর্ক থাকা উচিত।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন