জিজ্ঞাসা–১৯০৩ : ‘আমার স্ত্রী আমার বিয়ের পরে’ এতটুকু বাক্য পুরোপুরি মনে মনে বলা হয়েছে জিহ্বা ঠোঁট কোনো কিছুই নড়ে নাই। আর ‘তালাক’ শব্দের ক্ষেত্রে মুখ ঠোঁট বন্ধ শুধু জিহ্বা নড়েছে পাশাপাশি তালাক শব্দের ‘তা’ ও ‘লা’ বর্ণ বলার সময় সাধারণত জিহ্বা উপরের তালুর সঙ্গে লাগে। কাজেই তালাক শব্দ জিহ্বা দিয়ে বলার সময় জিহ্বা যখন উপরের তালুর সঙ্গে জোরে জোরে লাগতেছিলো তখন মুখের ভিতর জিব্বার সাথে সাথে ‘তা’ ও ‘লা’ বর্ণের চটচট শব্দ ও হচ্ছিল । এখন এর দ্বারা কি কোনো সমস্যা হবে?—ইয়াসিন।
জবাব :
এক. প্রিয় প্রশ্নকারী ভাই! আপনার বর্ণনা অনুযায়ী, শরীয়তের দৃষ্টিতে আপনার স্ত্রী তালাক হননি এবং বৈবাহিক জীবনে কোনো সমস্যা হয়নি। কেননা—
১. বাক্যের প্রথম অংশ ‘আমার স্ত্রী আমার বিয়ের পরে’ যেহেতু আপনি মনে মনে বলেছেন এবং জিহ্বা-ঠোঁট কিছুই নড়েনি, তাই এটি কেবল একটি চিন্তা বা কল্পনা হিসেবে গণ্য হবে। মনে মনে তালাকের কথা বললে তালাক হয় না।
২. ‘তালাক’ শব্দটি বলার সময় আপনি মুখ ও ঠোঁট বন্ধ রেখেছেন। শরীয়তের নিয়ম হলো, তালাক কার্যকর হওয়ার জন্য শব্দগুলো এমনভাবে উচ্চারণ করা প্রয়োজন যাতে অন্তত নিজের কানে শোনা যায় (যদি আশেপাশে শোরগোল না থাকে)। মুখ বন্ধ রেখে শুধু জিহ্বা নাড়ালে বা চটচট শব্দ হলে তাকে ‘উচ্চারণ’ বলা হয় না।
فَإِذَا نَوَى التَّلَفُّظَ بِالطَّلَاقِ ثُمَّ لَمْ يَتَلَفَّظْ بِهِ: لَمْ يَقَعْ بِالِاتِّفَاقِ، وَدَلِيلُ الْجُمْهُورِ قَوْلُ النَّبِيِّ ﷺ : إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ بِهِ
যদি কেউ তালাক উচ্চারণের নিয়ত করে কিন্তু তা মুখে উচ্চারণ না করে, তবে সর্বসম্মতিক্রমে তালাক পতিত হবে না। জমহুর উলামায়ে কেরামের দলিল হলো নবী করীম ﷺ-এর বাণী—নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের মনের কল্পনা বা কুচিন্তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে বা মুখে উচ্চারণ করে। [আলমাউসুয়া’তুল ফিকহিয়া : ২৩/২৯]
দুই. আপনার বিবরণ থেকে স্পষ্ট যে, আপনি বিষয়গুলো নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা বা ওয়াসওয়াসায় (Obsessive thoughts) ভুগছেন। এই ধরনের চিন্তা বা খুঁটিনাটি বিষয় নিয়ে আর মাথা ঘামাবেন না। এগুলো শয়তানি ধোঁকা বা ওয়াসওয়াসা মাত্র। যখনই এমন চিন্তা আসবে, তখন ‘আউযুবিল্লাহ’ পড়ে অন্য কাজে মন দিন।
والله أعلم بالصواب