জিজ্ঞাসা–১৭৮১: বয়সের কারণে রোজা রাখতে না পারলে আমাকে তারাবী পরতে হবে কি?–মমিনুল হক।
জবাব: অনেক বয়োবৃদ্ধ মুসলিম মনে করেন, রোজা না রাখলে হয়তো তারাবীর নামাজ পড়তে হয় না। এটি একটি ভুল ধারণা। শরিয়তের বিধান অনুযায়ী, রোজা এবং তারাবী দুটি ভিন্ন ইবাদত।
রমজানের রোজা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর উপর ফরজ করেছেন। অন্যদিকে, তারাবীর নামাজকে মহানবী ﷺ কেবল রমজান মাসের জন্য বিশেষ সুন্নত হিসেবে নির্ধারণ করেছেন। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى فَرَضَ صِيَامَ رَمَضَانَ عَلَيْكُمْ وَسَنَنْتُ لَكُمْ قِيَامَهُ
আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবীর নামাজকে সুন্নাত করে দিয়েছি। (নাসাঈ ২২১০)
হাদিসের আলোকে স্পষ্ট যে, অপারগতার কারণে রোজা রাখতে না পারলেও রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাত হিসাবে তারাবী পড়তে হবে। আর যেহেতু এটি সুন্নাতে মুয়াক্কাদাহ সেহেতু এটি বিনা ওজরে ত্যাগ করলে গুনাহগার হবেন।
শায়েখ উমায়ের কোব্বাদী