জিজ্ঞাসা–১৯২৮ : হস্তমৈথুন করে বীর্য বের করে ফরজ গোসল করার পর যেই প্যান্টে বীর্য লেগে আছে ওই প্যান্ট না পরিষ্কার করে পরিধান করলে কি পুনরায় ফরজ গোসল করতে হবে?—Raja
জবাব : না, পুনরায় ফরজ গোসল করতে হবে না। কারণ ফরজ গোসল ওয়াজিব হয় বীর্য নির্গমন বা জানাবাতের কারণে। আপনি গোসল করার মাধ্যমে জানাবাত থেকে পাক হয়ে গেছেন। এরপর বীর্য লাগা প্যান্ট আবার পরলে শরীরে নাপাকি লাগতে পারে, কিন্তু এতে নতুন করে জানাবাত সৃষ্টি হয় না। তাই আবার গোসল ফরজ হবে না।
তবে সেই প্যান্টে বীর্য থাকলে তা পরিষ্কার করা জরুরি, বিশেষ করে নামাজ পড়ার আগে। কারণ নাপাক কাপড় পরে নামাজ সহিহ হবে না।
দলিল—
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ
গোসল কেবল বীর্য নির্গমনের কারণেই। [সহিহ মুসলিম : ৩৪৩]
আর আয়শা রাযি. থেকে বর্ণিত,
كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ﷺ
আমি রাসূল ﷺ–এর কাপড় থেকে বীর্যের দাগ ধুয়ে দিতাম। [সহিহ বুখারী : ২২৯]
অর্থাৎ কাপড় ধোয়া প্রয়োজন, কিন্তু কাপড় পরার কারণে নতুন গোসল ফরজ হয় না।
উল্লেখ্য, হস্তমৈথুন গুনাহ ও পরিত্যাজ্য কাজ। এজন্য তওবা করা, দৃষ্টি ও নফস সংযত রাখা এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত।